নীলফামারী জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৮:১৮, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ও গ্রাম পুলিশের একটি দল অভিযান চালিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেয়। এ সময় কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুছসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পুটিমারী শ্মশান মাঠের বিশাল এলাকাজুড়ে বৃক্ষ মেলা ও শিশু বিনোদনের নামে মেলা বসানো হয়েছিল। প্রবেশপথে নামমাত্র একটি বৃক্ষের স্টল থাকলেও মাঠে প্রায় ৫০টি দোকান ও বিভিন্ন পণ্যের স্টল স্থাপন করা হয়। পাশাপাশি নাগরদোলা, নৌকা দোলনাসহ নানা ধরনের বিনোদনসামগ্রী বসানো হয়, যার মধ্যে কিছু খেলনা ঝুঁকিপূর্ণ ছিল বলে অভিযোগ রয়েছে।
মেলার এক প্রান্তে জাদু প্রদর্শনের নামে একটি স্টেজে তিন নারীকে দাঁড় করিয়ে গানের তালে অঙ্গভঙ্গি ও শরীর প্রদর্শন করানোর অভিযোগও ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে বিষয়টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, অনুমোদন ছাড়াই মেলা পরিচালনা করা হচ্ছিল। মেলা বন্ধের জন্য আয়োজকদের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা অমান্য করায় প্রশাসনের পক্ষ থেকে মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।