ঠাকুরগাঁওয়ে পাম্প চুরির সময় দেখে ফেলায় লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

মোঃ সাব্বির আহমেদ, ঠাকুরগাঁও

প্রকাশ: ২১:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে পাম্প চুরির সময় দেখে ফেলায় লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় পানির পাম্প চুরির সময় দুর্বৃত্তদের লাঠির আঘাতে বিন্দুমতি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে রাজাগাঁও ইউনিয়নের চাপাতি দুর্গা মন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত অনিল সরকারের স্ত্রী।

পরিবারের দাবি, ছোট ছেলে রঞ্জন সরকারের বাড়িতে চুরির উদ্দেশ্যে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে। শৌচাগারে যাওয়ার সময় বিন্দুমতি তাদের দেখে ফেললে ধরা পড়ার ভয়ে তারা তাঁর মাথায় আঘাত করে। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান এবং রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান বলে স্বজনেরা জানান। দুর্বৃত্তরা পাম্পটি নিয়ে পালিয়ে যায়।

রঞ্জন সরকার জানান, দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পর তাঁর স্ত্রী দীপালী রানী পানি আনতে গিয়ে মাকে অচেতন অবস্থায় দেখতে পান। মাথায় জমাট রক্ত দেখে তাঁরা বুঝতে পারেন, তিনি আর বেঁচে নেই। রঞ্জন মায়ের হত্যার বিচার দাবি করেছেন।

খবর পেয়ে রুহিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন