মোস্তফা আন্জুম ফাহিম চকরিয়া
প্রকাশ: ১১:০৫, ৪ অক্টোবর ২০২৬
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৫৫ মিনিটে চকরিয়া থানাধীন মালুমঘাট ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলদাশপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন সিলভার ও টিয়া রঙের একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলটি থামানোর পর চালক নুর মোহাম্মদ লিখনের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলের চাকার ভেতর ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
পরে তাকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের আইমান টায়ার অ্যান্ড ভলকানাইজিং ওয়ার্কশপে নেওয়া হয়। সেখানে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেলের সামনের ও পেছনের চাকা খুলে তল্লাশি চালানো হয়। এ সময় টায়ারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৮টি পোটলা থেকে মোট ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানান, কক্সবাজার জেলা থেকে কম দামে ইয়াবা কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলের চাকার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে তা শরীয়তপুরে নিয়ে যাচ্ছিলেন।
চকরিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, মাদক পরিবহনে যতই অভিনব কৌশল অবলম্বন করা হোক, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে চকরিয়া থানা পুলিশ।