ইয়াছিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৩:০৮, ১৩ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের কেন্দ্রীয় মন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনার-২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করেছে আখাউড়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে । চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, পিতলের ধর্মীয় মূর্তি ও ব্যবহৃত পূজা সামগ্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত-১১ অক্টোবর রাত আনুমানিক-১০:৩০ মিনিট থেকে-১২ অক্টোবর সকাল-৭টার মধ্যে) আখাউড়া পৌরসভাস্থ রাধানগর এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১০, তারিখ: ১২-১অক্টোবর,২০২৬, ধারা, ৪৫৭/৩৮০ পেনাল কোড)।
মামলা রুজুর পর পরই আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় পুলিশের একাধিক আভিযানিক দল মাঠে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেন। পরবর্তীতে তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর সহযোগী আকাশ মালদার ওরফে হাসিব (২৮)-কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত চোরাই মালামাল
গ্রেফতারকৃত আসামিদের বসতবাড়ি এবং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আখাউড়া মসজিদপাড়ার একটি ভাঙাড়ির দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল জব্দ করে আখাউড়া থানা পুলিশ।
স্বর্ণ ও রূপালঙ্কার-২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ৪টি ইমিটেশনের মুকুট, ২টি বাঁশি, ১টি রূপার চেইন ও ১টি রূপার চাঁদ।
ধর্মীয় মূর্তি ও পূজা সামগ্রী: ১টি বড় পিতলের রাধারাণী মূর্তি, ২টি পিতলের গৌর-নিতাই মূর্তি, ১টি ছোট পিতলের গোপাল মূর্তি, ১টি পিতলের কাঁসি, ১টি গাঁছা, ১টি পঞ্চপ্রদীপ ও ৩ জোড়া করতাল। এছাড়া বিভিন্ন তামার বাটি, কোসাকুসি, প্রদীপদানি ও শঙ্খ রাখার স্ট্যান্ড।
গ্রেফতারকৃতদের পরিচয়
জারু মিয়া প্রকাশ আকবর হোসেন (৩০) পিতা: লাল মিয়া, সাং- বড় বাজার, থানা আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
আকাশ মালদার প্রকাশ হাসিব (২৮) পিতা: নজরুল মালদার, সাং- মালদারপাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। পরবর্তী আইনি পদক্ষেপ এ বিষয়ে আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ভাঙারি দোকানদার তাজুল ইসলাম (৬২) (পিতা: মৃত আবদুল হামিদ, সাং- শাহরাস্তি, চাঁদপুর বর্তমানে আখাউড়া মসজিদপাড়ার ভাড়াটিয়া) বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।