বগুড়ার বাঘোপাড়া মন্ডলপাড়া পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি বগুড়া,ছাব্বির হাসান:

প্রকাশ: ২৩:৩৫, ৪ নভেম্বর ২০২৬

বগুড়ার বাঘোপাড়া মন্ডলপাড়া পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া দক্ষিণপাড়া (মন্ডলপাড়া) গ্রামের একটি পুকুর থেকে বিপুল মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে গ্রামের মশিউর রহমান ফাহিনের পুকুরে মরদেহটি ভাসতে দেখেন এক ক্ষেতমজুর। তিনি রংপুরের বাসিন্দা বলে জানা গেছে। পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মরদেহটি উপুড় অবস্থায় ভাসতে দেখে তিনি স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা বগুড়া সদর থানায় খবর দেন।

সংবাদ পেয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে গ্রাম পুলিশ আব্দুল মান্নান ও স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিপুল মিয়া বাঘোপাড়া দক্ষিণপাড়া গ্রামের জাহিদুর রহমানের ছেলে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত ও চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মরদেহ উদ্ধারের সময় গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম মিলন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন