আসিফ বিল্লাহ, সিলেট
প্রকাশ: ২৩:৫৮, ৪ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার জালালীরচর গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দাদের সঙ্গে চরমহল্লা ইউনিয়নের জালালীরচর গ্রামের বাসিন্দাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।