এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশ: ১১:০৪, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৭, ৫ নভেম্বর ২০২৬
বুধবার সকালে নগরের হালিশহর বড়পোল এলাকায় মিটার প্রতিস্থাপন কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এ সময় তিনি গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং মিটার-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন।
ওয়াসা সূত্র জানায়, অচল ও চুরি হওয়া মিটার প্রতিস্থাপনের জন্য গত ১৭ সেপ্টেম্বর এলটিএম (সীমিত দরপত্র) পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ অক্টোবর থেকে মিটার পরিবর্তনের কাজ শুরু হয়েছে। স্বল্প সময়ের মধ্যে প্রায় সাড়ে ১০ হাজার মিটার প্রতিস্থাপন করা হবে।
ওয়াসার কর্মকর্তারা জানান, কোনো গ্রাহকের পানির মিটার নষ্ট বা চুরি হলে তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী অনেক ক্ষেত্রে গড় বিল নির্ধারণ করতে হয়। এতে প্রকৃত পানির ব্যবহার ও বিলের মধ্যে পার্থক্য তৈরি হয়। ফলে গ্রাহকদের মধ্যে অতিরিক্ত বিল ও ভুতুড়ে বিল নিয়ে অসন্তোষ দেখা দেয়। এ ভোগান্তি নিরসন এবং গ্রাহকসেবার মান উন্নত করতেই মিটার প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, গ্রাহকদের সেবা সহজীকরণে ওয়াসা বদ্ধপরিকর। দায়িত্ব গ্রহণের পর গড় বিল, অতিরিক্ত বিল ও ভুতুড়ে বিল নিয়ে অনেক গ্রাহকের অভিযোগ পেয়েছেন তিনি। এসব অভিযোগের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকের পানির মিটার নষ্ট, অচল অথবা চুরি হয়ে গেছে।
তিনি বলেন, মিটার পরিবর্তনে বিলম্ব কিংবা অনীহার কারণে নিয়ম অনুযায়ী গ্রাহকদের গড় বিল দিতে হয়। এতে গ্রাহকদের ভোগান্তি বাড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম ওয়াসা নিজস্ব উদ্যোগে সাড়ে ১০ হাজার মিটার প্রতিস্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের বিল-সংক্রান্ত অভিযোগ ও ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন।