মোস্তফা কামাল, চরভদ্রাসন (ফরিদপুর)
প্রকাশ: ১৫:২৩, ৫ নভেম্বর ২০২৬
প্রাপ্ত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীর মাঝখানে অবস্থিত চর শালেপুর ও চর মির্জাপুরের মধ্যবর্তী সংযোগস্থলে আড়াআড়িভাবে একটি বিশাল অবৈধ বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধটিতে সূক্ষ্ম ফাঁদের জাল ও বাঁশের খাঁচা বসিয়ে নির্বিচারে পোনা ও মা মাছ শিকার করা হচ্ছে। এর ফলে নদীর স্বাভাবিক পানির প্রবাহ পুরোপুরি রুদ্ধ হয়ে গেছে।
ভুক্তভোগী সাধারণ জেলেরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই নদীর জলমহাল দখল ও নদীতে নিষিদ্ধ বাঁধ দিয়ে কোটি টাকার মাছ লুটপাট করে আসছে একটি চিহ্নিত চক্র। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তাদের দৌরাত্ম্য থামেনি। অভিযুক্তদের তালিকায় রয়েছেন— হরিরামপুরের সালাম খানের ছেলে সোহেল খান, চর সালেপুরের ওকেল মুন্সির ছেলে আজাহার মুন্সী, ওসমান খালাসীর ছেলে মজেম খালাসী, ঈমান বেপারীর ছেলে সহিদ বেপারী, সোহেল খানের সহযোগী আনজু মাঝি, খোরশেদ প্রামাণিকের ছেলে জিয় প্রামাণিক, বদু মণ্ডলের ছেলে মুক্তার, দীপু ও তার ভাই ফেরদৌস খাঁ এবং সাবেক মৎস্যজীবী সমিতির সেক্রেটারি কাশেম খাঁ সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচ্ছন্নতাকর্মীর ছেলে শাহীন লস্করের নামও এ অপকর্মে সরাসরি যুক্ত হিসেবে অভিযোগে উঠে এসেছে।
নদীতে অবৈধ বাঁধ দেওয়ার ফলে শত শত ঐতিহ্যবাহী জেলে পরিবার কর্মহীন হয়ে পড়েছে। অভিযোগকারী জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "পদ্মা আমাদের রুটিরুজির একমাত্র অবলম্বন। নদী আটকে প্রভাবশালীরা মাছ লুটে নিচ্ছে, আর আমাদের ঘরে হাঁড়ি চড়ছে না। অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে আমাদের।"
এই নৈরাজ্য বন্ধে ও জীবিকা রক্ষার তাগিদে স্থানীয় অসহায় মৎস্যজীবীরা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন জানান। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংসদ সদস্য দ্রুততম সময়ের মধ্যে অবৈধ বাঁধ গুঁড়িয়ে দিয়ে পদ্মা নদীর প্রবাহ স্বাভাবিক করার লিখিত নির্দেশ প্রদান করেন।
সংসদ সদস্যের সুস্পষ্ট লিখিত নির্দেশের পর ১৮ দিন পেরিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত চরভদ্রাসন উপজেলা প্রশাসন কিংবা মৎস্য বিভাগ বাঁধ উচ্ছেদে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি; এমনকি ঘটনাস্থল পরিদর্শনেও যাননি কোনো কর্মকর্তা। কার্যকর পদক্ষেপের অভাবে প্রভাবশালী চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগকারীদের বিরুদ্ধে তারা নানা হুমকি-ধমকি দিচ্ছে বলে স্থানীয়দের দাবি।
প্রশাসনের এমন গাফিলতি ও নীরবতার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টদের কাছ থেকে মেলেনি কোনো সদুত্তর। ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান জানান, চরভদ্রাসন উপজেলা পর্যায়ে ক্যাডার কর্মকর্তা বদলি হয়ে পদ শূন্য থাকায় এবং উপর থেকে কোনো নির্দিষ্ট নির্দেশনা না আসায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ সংসদ সদস্যের নির্দেশনা বাস্তবায়নে বিলম্বের কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে পারেননি। তবে আবেদনকারীদের হুমকি দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পদ্মা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং শত শত দুস্থ জেলে পরিবারের পেটে অন্ন জোগাতে দ্রুত এই অবৈধ বাঁধ উচ্ছেদ করে নদীকে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী মৎস্যজীবীরা।