বরিশালে দরপত্র বাতিলের পরও থামেনি অবৈধ ড্রেজার, অভিযানে পাইপ জব্দ

দীপক চন্দ্র শীল, বরিশাল

প্রকাশ: ১৫:২৮, ৫ নভেম্বর ২০২৬

বরিশালে দরপত্র বাতিলের পরও থামেনি অবৈধ ড্রেজার, অভিযানে পাইপ জব্দ

বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডে দরপত্র বাতিল হওয়ার পরও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও পাইপ ফেলে রাখার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ শাখা।

আজ ৫ নভেম্বর, রোজ বৃহস্পতিবার দুপুরে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মদিনা মসজিদ সংলগ্ন তালুকদার বাড়ির মোড় এবং জিয়া সড়ক বাংলালিংক টাওয়ার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয়দের অভিযোগ, দরপত্র বাতিলের আদেশ থাকার পরও একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজারের পাইপ ফেলে রেখে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছিল। এতে এলাকার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানিয়ে আসছিলেন।

অভিযোগ পেয়ে উচ্ছেদ শাখা প্রধান মো. লকিতুল্লাহ্ সিকদারের নেতৃত্বে শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ড্রেজারের পাইপগুলো জব্দ ও অপসারণ করে নিয়ে আসা হয়। এ সময় এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয়রা কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

অভিযান শেষে উচ্ছেদ শাখা প্রধান মো. লকিতুল্লাহ্ সিকদার সাংবাদিকদের জানান, "পরিবেশ রক্ষায় দরপত্র বাতিলের আদেশ অমান্য করে ড্রেজারের পাইপ ফেলে রাখা বা বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। যারা সরকারি নির্দেশনা অমান্য করে পরিবেশ ধ্বংস করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, "নগরীকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য রাখতে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না।"

এলাকাবাসীর দাবি, শুধু পাইপ জব্দ করলেই হবে না, এর পেছনে জড়িত প্রভাবশালীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অবৈধ কাজ করার সাহস না পায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন