নড়াইলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

মোঃ শফিকুল ইসলাম সাকিল, নড়াইল

প্রকাশ: ১৭:২২, ৫ নভেম্বর ২০২৬

নড়াইলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আফছার শেখ (৬০)। অভিযুক্ত ছেলের নাম খায়রুল শেখ, যিনি এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত বলে দাবি করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ঝামেলার কারণে অভিযুক্ত খায়রুল শেখ দীর্ঘদিন ধরে তাঁর বাবার বাড়িতে থাকতেন না। তবে বেশ কিছু দিন ধরে তিনি পুনরায় ওই বাড়িতে ওঠার চেষ্টা করছিলেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে খায়রুল তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বয়রা গ্রামে আসেন। সে সময় তাঁর বাবা আফছার শেখ বাড়িতে ছিলেন না। পরে আফছার শেখ বাড়ি ফিরলে খায়রুল বটি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

ধারালো অস্ত্রের আঘাতে আফছার শেখের মাথায় একটি, হাতে একটি এবং বুকে একটি গভীর ক্ষত তৈরি হয়। এর মধ্যে বুকের আঘাতটি অত্যন্ত মারাত্মক হওয়ায় তাঁর ফুসফুস কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে অগ্রযাত্রা প্রতিদিনকে জানান, পারিবারিক বিরোধের কারণে ছেলে খায়রুল দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতেন না। আজ সকালে স্ত্রীকে নিয়ে তিনি বাড়িতে আসেন। বাবা বাড়ি ফেরার পরপরই খায়রুল বটি দিয়ে তাঁকে তিনটি কোপ মারেন। বুকের আঘাতটি গভীর হওয়ায় ফুসফুস ছেদ হয়ে যায়, যার ফলে তাঁর মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অভিযুক্তকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন