ভালুকায় ফ্যামিলি কার্ডের খানা জরিপ কার্যক্রম উদ্বোধন

হৃদয় আহমেদ, ভালুকা (ময়মনসিংহ)

প্রকাশ: ১৮:০৯, ৫ নভেম্বর ২০২৬

ভালুকায় ফ্যামিলি কার্ডের খানা জরিপ কার্যক্রম উদ্বোধন

বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অসহায় ও দুস্থ পরিবারের নারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকায় ফ্যামিলি কার্ড খানা জরিপ-২০২৬-এর আওতায় খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার রাজৈ ইউনিয়ন ও হবিরবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু হয়। জরিপ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে সরকারের পক্ষ থেকে ট্যাব তুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড চালু করা। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অসহায় ও দুস্থ পরিবারের জীবনমান উন্নয়ন এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করেছে। পরিবারের নারীরা যেন আর্থিক প্রয়োজনে অন্যের কাছে হাত পাততে বাধ্য না হন, সে লক্ষ্যেই বাস্তবায়ন করা হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ বলেন, প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করতে জরিপের তথ্য নির্ভুলভাবে সংগ্রহ করা অত্যন্ত জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন