খুলনায় দিনেদুপুরে কাসেম সড়কে যুবককে গুলি

​এস কে রবিউল ইসলাম, খুলনা

প্রকাশ: ১৯:২৩, ১০ অক্টোবর ২০২৬

খুলনায় দিনেদুপুরে কাসেম সড়কে যুবককে গুলি

খুলনা থানাধীন ৩ নম্বর কাসেম সড়কে দিনেদুপুরে প্রকাশ্যে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে নিতম্বে গুলিবিদ্ধ হয়ে জনি (৩২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) দুপুরে ৩ নম্বর কাসেম সড়কে ইদ্রিস সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জনি। এ সময় একটি মোটরসাইকেলে করে দুজন অজ্ঞাত সন্ত্রাসী সেখানে এসে পৌঁছায়। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা জনিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালায়।

​গুলিবিদ্ধ হয়ে জনি মাটিতে লুটিয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে জনিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আহত জনির বাবার নাম মৃত হামিদ। তাদের পরিবার ২ নম্বর কাসেম সড়ক এলাকায় বসবাস করে।

​দিনের আলোয় জনবহুল এলাকায় এমন সশস্ত্র হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন