চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৮৬

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

প্রকাশ: ১৮:১৪, ২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৮৬

চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৭৮৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে চট্টগ্রামসহ নয় জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৪৭৪ জনকে। তাঁদের মধ্যে ২৭৮ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৯৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানের তথ্য জানিয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১১১, আগের মামলায় ৫৩, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৫, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চার, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৩, পরোয়ানামূলে ৯২ এবং সাজা পরোয়ানামূলে ১৪ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাদক বহনকারী ও ২৬ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সরাসরি ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ২৯টি মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে ১ লাখ ৮ হাজার ৯৯৮ পিস ইয়াবা, ১০ কেজি ১৩০ গ্রাম গাঁজা, ৯০ লিটার চোলাই মদ ও দুই বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ফেনীতে ১৩, চট্টগ্রামে তিন, কুমিল্লা ও নোয়াখালীতে দুজন করে এবং লক্ষ্মীপুর, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে একজন করে রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামে ৯৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কক্সবাজারে নয়, কুমিল্লায় ১৭৫, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩, চাঁদপুরে ৩৯, নোয়াখালীতে ৫৪, লক্ষ্মীপুরে ৬৩, রাঙ্গামাটিতে একজন ও খাগড়াছড়িতে ১৫ জনকে আটক করা হয়।

জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন