পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশ: ২০:৩৮, ২৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি হোটেলে ‘জোনটা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫’ ও বাংলাদেশের ‘জোনটা ক্লাবসমূহ’ আয়োজিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

শামা ওবায়েদ বলেন, বর্তমান বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠায় কার্যকর জাতিসংঘ ও শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ—উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথাও উল্লেখ করেন শামা ওবায়েদ।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে চলমান ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের গঠনমূলক অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন তিনি। তাঁর মতে, সংলাপের প্রসার, ঐকমত্য প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক সহায়তা, সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক বাজারে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার প্রয়োজন।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে শামা ওবায়েদ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা ও ডিজিটাল হয়রানি বন্ধ এবং নারীদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

জাতিসংঘের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা এগিয়ে নিতে সম্প্রতি শুরু হওয়া ‘ঢাকা সংলাপ’-এর মতো উদ্যোগগুলোর গুরুত্বও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন