ধুনটে ফার্নিচার কারখানায় ২ লাখ টাকার মালামাল চুরি

আশেকে এলাহী শিবলী - ধুনট (বগুড়া)

প্রকাশ: ২১:০৫, ২৪ অক্টোবর ২০২৬

ধুনটে ফার্নিচার কারখানায় ২ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার ধুনটে একটি ফার্নিচার কারখানার স্টিলের দরজা ভেঙে কম্পিউটার, সিএনসি মেশিনের যন্ত্রাংশসহ প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল এবং নগদ ১৪ হাজার টাকা চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার টিএনটি মোড়ে ‘মা ডোর ফার্নিচার’ কারখানায় এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কারখানা বন্ধ করে বাড়ি চলে যান মালিক আরিফ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কারখানায় গিয়ে তিনি দেখেন, পশ্চিম পাশের স্টিলের দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে। ভেতরে ঢুকে দেখা যায়, দুটি কম্পিউটার, সিএনসি মেশিনের ড্রাইভার, এনসি কার্ড, পেনড্রাইভ, ওয়াইফাই রাউটার ও একটি রেন্ডা মেশিন নেই। এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানান তিনি। এ ছাড়া ক্যাশ বাক্সে রাখা নগদ ১৪ হাজার টাকাও চোরেরা নিয়ে গেছে।

আরিফ উপজেলার চালাপাড়া গ্রামের সাত্তার সরকারের ছেলে। তিনি বলেন, কারখানাটিই আমার জীবিকার প্রধান অবলম্বন। যন্ত্রপাতি ও কম্পিউটার চুরি হয়ে যাওয়ায় এখন কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। সিএনসি মেশিনের ড্রাইভার ও এনসি কার্ডের মতো গুরুত্বপূর্ণ উপকরণ হারিয়ে উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এ ঘটনায় কারখানার মালিক মো. আরিফ ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, ধুনট পৌর এলাকায় চুরির ঘটনা এখন প্রায় নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একের পর এক চুরিতে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। অনেকেই রাতের বেলা দোকান ও কারখানা ফেলে রেখে যেতে ভয় পাচ্ছেন। ব্যবসায়ীদের দাবি, রাতে পুলিশি টহল বাড়ানো এবং চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন