নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:২৪, ২৫ অক্টোবর ২০২৬
গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকসহ কয়েকজনকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। উত্তেজনার মুহূর্তে কিছু অতিরিক্ত কথা বলে ফেলেছেন উল্লেখ করে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ দুঃখ প্রকাশ করেন তাশরীফ। তিনি বলেন, বক্তব্যে অতিরিক্ত কিছু কথা বলার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত।
টঙ্গীর ঘটনার প্রসঙ্গ তুলে তিনি জানান, সেখানে একজন শিক্ষক ছাড়াও দারোয়ানসহ আরও কয়েকজনকে মারধর করা হয়েছে এবং মাদ্রাসায় ভাঙচুর চালানো হয়েছে। এসব ঘটনা দেখে তিনি ক্ষুব্ধ হয়ে ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছিলেন বলে জানান।
তাশরীফ বলেন, দেশে আইন রয়েছে এবং ঘটনার বিচার আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী তাঁর শাস্তি হবে। তবে একজনের অপরাধের দায়ে কোনো প্রতিষ্ঠান ভাঙচুর করা কিংবা অন্যদের মারধর করার পক্ষে নন তিনি।
তিনি আরও বলেন, আল্লাহ, রাসুল, ইসলাম, দেশ, আলেম-ওলামা এবং মাদ্রাসা-মসজিদের সম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন। ব্যক্তিগত স্বার্থে কিছু বলেননি বলেও দাবি করেন তিনি। তবে তাঁর কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য আবারও দুঃখ প্রকাশ করেন।
ভিডিও বার্তায় তাশরীফ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশ, জনগণ ও ইসলামের পক্ষে কাজ করা ব্যক্তিদের সঙ্গে থাকার কথাও জানান তিনি।