আশেকে এলাহী শিবলী - ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: ২২:৪৪, ২৬ অক্টোবর ২০২৬
সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে বগুড়ার ধুনটে সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং যে বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের প্র্যাকটিস চলবে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি কর্মঘণ্টায় কোনো সরকারি চিকিৎসক ব্যক্তিগত বা প্রাইভেট প্র্যাকটিসে নিয়োজিত থাকতে পারবেন না। কোনো চিকিৎসকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি-বিধান অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও কড়া বার্তা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মঘণ্টায় যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের প্র্যাকটিস পরিচালিত হবে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক, বগুড়ার সিভিল সার্জন এবং ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারকে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।