আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:৫১, ২৬ অক্টোবর ২০২৬
পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলো রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন সিসি। এর আওতায় সেনা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা হয়। প্রেসিডেন্ট সিসির অনুরোধে গত ১৮, ১৯ ও ২৬ অক্টোবর এসব বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন এবং মিসর ও আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন আইনপ্রণেতারা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা অংশ নেন।
মিসরের জাতীয় প্রতিরক্ষা পরিষদের ১৮ অক্টোবরের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের সঙ্গে এই অনুমোদন সামঞ্জস্যপূর্ণ বলেও জানিয়েছে পার্লামেন্ট।
তবে কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। একই সঙ্গে সৌদি আরবে মিসরের সেনা মোতায়েনের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এর আগে সোমবার পার্লামেন্ট স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে তৃতীয় দফায় রুদ্ধদ্বার বৈঠকে বসেন আইনপ্রণেতারা। এর আগে গত সপ্তাহে সিসির অনুরোধে আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ অনুমোদন দেওয়া হলো।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদ এবং ইয়েমেন সীমান্তসংলগ্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাও রয়েছে।