আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:৩৮, ২৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক জ্যাসপার নাথানিয়েল আলজাজিরাকে বলেন, ‘সবাইকে উচ্ছেদ করা হয়েছে। হেবরন এখন যেন একটি ভূতুড়ে শহর।’
গত শুক্রবারের এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর থেকে শহরটিতে শত শত অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই ঘটনায় দুই ফিলিস্তিনি বন্দুকধারীও নিহত হন।
নাথানিয়েল জানান, অভিযুক্ত দুই হামলাকারী যে এলাকায় বসবাস করতেন, সেই পুরো পাড়ায় অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। সেখানকার পরিবারগুলোকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে এবং তাদের বাড়ির দেয়ালে ‘এক্স’ চিহ্ন এঁকে দেওয়া হয়েছে।
হামলার ঘটনাস্থলের কাছের একটি চেকপোস্টের আশপাশেও বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় বাসিন্দাদের বন্দুকের মুখে মাত্র কয়েক মিনিটের নোটিশে বাড়ি ছাড়তে বলা হয় বলেও জানিয়েছেন নাথানিয়েল।
নাথানিয়েল আরও বলেন, সেখানে সেনাবাহিনী ঠিক কী করছে, তা নিয়ে একধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে।