এআই বিজনেস সামিটের প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:২৩, ২৫ অক্টোবর ২০২৬

এআই বিজনেস সামিটের প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। এ আয়োজনের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন উপকমিটির কার্যক্রম পর্যালোচনায় রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। এতে সামিট আয়োজনের জন্য গঠিত বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ দেন।

সভায় সামিটের প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, প্রযুক্তিগত উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। দেশের এআইভিত্তিক উদ্ভাবন ও উদ্যোক্তাদের সক্ষমতা তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, সামিটে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের অংশগ্রহণে প্রদর্শনী স্টল থাকবে। সেখানে বিভিন্ন প্রযুক্তি, পণ্য, সেবা ও ব্যবহারিক সমাধান তুলে ধরবেন উদ্যোক্তারা। এর মাধ্যমে এআই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে।

সামিটে এআই প্রযুক্তির অগ্রগতি, ব্যবসায়িক প্রয়োগ, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনটি আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আলোচনায় এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

সভায় সামিট সফল করতে সংশ্লিষ্ট উপকমিটি ও অংশীজনদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি আয়োজনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং প্রদর্শনী ও আলোচনা অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিট সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সামিটের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি, ঢাকা চেম্বারের সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন