মুহা. সাইদুল ইসলাম সানাউল্লাহ-গাজীপুর শ্রীপুর
প্রকাশ: ১১:৩৪, ৮ মার্চ ২০২৬
স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ এখানে ছুটে আসছেন। অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ফুলের এই অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন। কেউ কেউ গাড়ি থামিয়ে ফুলের সারির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য ভিডিও ও সেলফি ধারণ করছেন।
ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, মহাসড়কের পাশেই এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে তারা মুগ্ধ হয়েছেন। তাদের ভাষায়, “এখানে এসে মনে হচ্ছে যেন বিদেশের কোনো দেশে চলে এসেছি। গাজীপুরের এই জায়গাটি দেখতে অনেকটা জাপানের কোনো রাস্তার পাশের ফুলের বাগানের মতো লাগছে।”
আরেকজন দর্শনার্থী বলেন, ব্যস্ত সড়কের পাশে এত সুন্দর ফুল ফুটে থাকা সত্যিই দারুণ একটি বিষয়। প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝে এমন প্রাকৃতিক দৃশ্য মানুষের মনে প্রশান্তি এনে দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বসন্ত মৌসুম এলেই সড়কের পাশে এসব ফুল ফুটতে শুরু করে এবং তখন পুরো এলাকা রঙিন হয়ে ওঠে। বিশেষ করে সকাল ও বিকেলে সূর্যের আলো পড়লে ফুলগুলো আরও বেশি উজ্জ্বল ও আকর্ষণীয় দেখায়।
এলাকাবাসীর মতে, যদি সড়কের পাশে নিয়মিত পরিচর্যার মাধ্যমে এমন ফুলের গাছ আরও লাগানো হয়, তাহলে এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হতে পারে। এতে যেমন এলাকার সৌন্দর্য বাড়বে, তেমনি দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারবে।
প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে। অনেকেই বলছেন, গাজীপুরের এই স্থানটি যেন সত্যিই “এক টুকরো জাপান”-এর মতো অনুভূতি এনে দিচ্ছে।