অনিক ইসলাম, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:৩১, ২৮ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকাগামী একটি স্লিপার বাসে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের পিরোজপুর দোয়েল বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পাচারে জড়িত অভিযোগে বাসের সুপারভাইজার ও হেলপারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৯ লাখ টাকা। মাদক বহনের দায়ে ‘আলফা এক্সপ্রেস’ নামের ওই স্লিপার বাসটিও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা আলফা এক্সপ্রেসের একটি বাসে বড় ধরনের ইয়াবার চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে ঢাকা ঘুরতেই পিরোজপুর দোয়েল টার্মিনালে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে বাসের ভিতরে যাত্রীদের সিটের নিচে সুকৌশলে পলিথিনে মুড়িয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা বের করে আনা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকেই বাসের সুপারভাইজার রাকিবুল হাসান (৩০) ও হেলপার মো. আশিককে (২৮) আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে সাইফুল হোসেন (৩৮) নামের ইয়াবা চালানের মূল গ্রহীতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারদের পরিচয় জানিয়ে পুলিশ জানায়, সুপারভাইজার রাকিবুল হাসানের বাড়ি যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকায়, তবে তিনি ঢাকার যাত্রাবাড়ী বিবির বাগিচায় থাকতেন। হেলপার আশিকের বাড়ি যশোরের কোতোয়ালি থানার নিউ মার্কেট বি-ব্লক এলাকায়, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকায় থাকতেন। আর সাইনবোর্ড থেকে গ্রেপ্তার সাইফুল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ জানায়, কক্সবাজার থেকে শুরু করে নারায়ণগঞ্জ ও ঢাকা কেন্দ্রিক এই মাদক চোরা চালান চক্রের মূল হোতাকে চিহ্নিত করার কাজ চলছে। তাকে গ্রেপ্তারে ইতিমধ্যে ঢাকার বিভিন্ন স্থানে ডিবি পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।