শিশু তালহা হত্যা মামলা: ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশ: ১৬:০০, ২৮ অক্টোবর ২০২৬

শিশু তালহা হত্যা মামলা: ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা ওরফে মুহিন (১২) হত্যা মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড এবং অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

​আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।

​মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আমিন উদ্দিন ও শিহাব মোল্লা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম শাওন মোল্লা। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাওন মোল্লা পলাতক রয়েছেন। এছাড়া অপরাধে সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি লেয়াকত আলী মোল্লাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
​মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মানজুরুল ইসলামের ১২ বছর বয়সী ছেলে তালহা ওরফে মুহিন স্থানীয় একটি বিলে মাছ ধরা দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
​ঘটনার পর দিন ২৩ ফেব্রুয়ারি শিশুটির বাবা মানজুরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারি রাতে মানজুরুল ইসলামের ভাড়াটিয়া আমিন উদ্দিনের ঘরের ভেতর রাখা একটি ট্রাংক থেকে শিশু তালহার বস্তাবন্দি বা মরদেহ উদ্ধার করে পুলিশ।
​দীর্ঘ আইনি ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষ। অন্যদিকে, উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
​মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম এবং আসামিপক্ষে আইনি লড়াইয়ে ছিলেন অ্যাডভোকেট এম জুলকদর রহমান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন