ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, জীবিত উদ্ধার ১৪ জন

রিয়াজ উদ্দিন, কক্সবাজার

প্রকাশ: ১৭:৫৬, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৫৮, ২৯ অক্টোবর ২০২৬

ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, জীবিত উদ্ধার ১৪ জন

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে সাগরের স্রোতে ভেসে যাওয়া ১৫ শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র শান্তকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সৈকতের উত্তর পয়েন্ট থেকে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীদের যৌথ প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়। নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম ও ধানমন্ডির ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সৈকতে বেড়াতে আসে। ফুটবল খেলার পর ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সাগরে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তাঁরা ভেসে যেতে থাকেন।

এ সময় ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ থাকে শান্ত। পরে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন