রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১৭:৪৩, ২৯ অক্টোবর ২০২৬
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাংলাবাজার স্টেশনের একটি গুদামে নিয়মবহির্ভূতভাবে মজুত রাখা ৫১১ বস্তা সার জব্দের পর নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ব্যবহৃত সাবডিলারের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলমান রয়েছে। নিলামে বিক্রি করা সারের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত এহসানের বাড়ি ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকায়। নিজস্ব কোনো সার ডিলারশিপ না থাকা সত্ত্বেও তিনি আবদুল আজিজ নামে এক ব্যক্তির সাবডিলারশিপের লাইসেন্স ব্যবহার করে পিএমখালীর বাংলাবাজার স্টেশনের একটি গুদামে সার মজুত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদাম থেকে এসব সার জব্দ করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। জব্দ করা সারের মধ্যে ডিএপি ৩৭৩ বস্তা ও এমওপি ১৩৮ বস্তা রয়েছে। পরে নিলামের মাধ্যমে সারগুলো বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
ইউএনও তাহমিনা আক্তার বলেন, “অভিযানে অবৈধভাবে মজুত করা সার জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে। জব্দ করা সার নিলামে বিক্রি করে প্রাপ্ত টাকা ইতোমধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি যে সাবডিলারের লাইসেন্স ব্যবহার করে সার মজুত করেছিলেন, সেই লাইসেন্সটি বাজেয়াপ্ত করা হয়েছে। লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলমান রয়েছে।”
অভিযানের সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল রানা, ব্লক সুপারভাইজার ও পুলিশের একটি দল।