নবীন মাহমুদ
প্রকাশ: ১৮:৩৩, ২৯ অক্টোবর ২০২৬
ঝালকাঠির রাজাপুরে খাল থেকে মো. নুর আলম কাগজি (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানে খালে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নিহত নুর আলম কাগজি উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর নৈকাঠি বোর্ড অফিস এলাকার বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা আফছার কাগজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাঠীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. মিজান খালের পাশে নুর আলমকে দেখতে পান। পরে তাকে উদ্ধারের জন্য মিজান সাংবাদিক সোহেল খন্দকারকে ডেকে নিয়ে আসেন। ঘটনাস্থলে গিয়ে সোহেল খন্দকার তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি রাজাপুর থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিচয় নিশ্চিত করতে সিআইডি তার আঙুলের ছাপ সংগ্রহ করে। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার পর তার পরিচয় শনাক্ত করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয় রাজাপুর থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।