রাজধানীতে কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে নিহত স্ত্রী

জুবায়ের আলম সৈকত, ঢাকা

প্রকাশ: ১৫:৩৯, ২৮ অক্টোবর ২০২৬

রাজধানীতে কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে নিহত স্ত্রী

রাজধানীর তুরাগে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে তুরাগের দলিপাড়া এলাকায় ৫ নম্বর সেক্টরের ৬/এ সড়কের শেষ মাথায় ৫১ নম্বর বাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন ওসি মুস্তাফিজ রহমান। 

নিহত রুনা আক্তারের (১৮) স্বামী অপু মিয়ার (২৪) বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত রুনা আক্তার নেত্রকোনা সদর উপজেলার সাতকান্দা গ্রামের বাসিন্দা মো. হাদিস মিয়ার মেয়ে। অভিযুক্ত অপু মিয়া একই উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সবুজ মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে অপু মিয়া তার স্ত্রী রুনা আক্তারকে ধারালো ছুরি দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুনা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত অপু মিয়াকে ছুরিসহ আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় বলে জানান তিনি। 

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ রহমান মুঠোফোনে ‘অগ্রযাত্রা প্রতিদিন’কে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রী অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িত—এমন সন্দেহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন