জামালপুরে এসআরবির অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৯, ২৮ অক্টোবর ২০২৬

জামালপুরে এসআরবির অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ২

শেরপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুরের বাসন থানা এলাকায় এবং ঢাকার খিলক্ষেতের ব্যায়াম চত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুর এবং সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন অপহরণ মামলার প্রধান আসামি আজলুল হক ওরফে বাবুল ওরফে মোঃ ফজলুল হক বাবু (২৫) এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী টেকড়াপাড়া এলাকার মৃত আলালউদ্দিনের ছেলে মোঃ আকবর আলী।

এসআরবি সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, আসামি দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও অশালীন আচরণ করতেন। গত ৫ অক্টোবর সকালে কিশোরী স্কুলে যাওয়ার পথে দুটি সিএনজিচালিত অটোরিকশায় আসা কয়েকজন তার পথরোধ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কিশোরীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরপুর সদর থানায় ১১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৩০ ধারায় মামলা করা হয়। এরপর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে গাজীপুরের বাসন থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাবুকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুরে ঢাকার খিলক্ষেত থানার ব্যায়াম চত্বর এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আকবর আলীকে গ্রেফতার করা হয়। তিনি নালিতাবাড়ী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

উদ্ধার কিশোরীকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন