নিবন্ধনহীন সার বিক্রি: বাগমারায় ব্যবসায়ীকে জরিমানা, সার জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২৩, ২৮ অক্টোবর ২০২৬

নিবন্ধনহীন সার বিক্রি: বাগমারায় ব্যবসায়ীকে জরিমানা, সার জব্দ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে নিবন্ধনবিহীনভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। অভিযানকালে ১৬ বস্তা অবৈধ সার জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত তাহেরপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

লাইসেন্স বা নিবন্ধন ছাড়াই অবৈধভাবে সার মজুদ ও বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী সাইফুল ইসলাম (৪৩) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম তাহেরপুরের বিশুপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

অভিযানকালে ওই ব্যবসায়ীর হেফাজত থেকে ১২ বস্তা ডিএপি সার, ২ বস্তা ইউরিয়া সার এবং ২ বস্তা এমওপি সার জব্দ করা হয়। জব্দকৃত সারগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় অতিরিক্ত কৃষি কর্মকর্তার জিম্মায় জিম্মানামা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানানো হয়, জব্দকৃত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে উন্মুক্ত বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। সার বিক্রির মাধ্যমে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। বাজার ব্যবস্থার শৃঙ্খলা ও কৃষকদের অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন