আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:১২, ২৫ অক্টোবর ২০২৬
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, রোববার ভোরে রিয়াদে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় বাসিন্দাদের মোবাইল ফোনে আকাশপথে হামলার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়। এতে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রাজধানী অঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে, বিমানবন্দরটি এখনো অনিরাপদ এবং সামরিক লক্ষ্যবস্তু বলে হুঁশিয়ারি দিয়েছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় বিমান সংস্থাগুলোর পাশাপাশি বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের এটি ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
চলতি মাসে বিমানবন্দরটিতে হুথিদের এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন।
গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুথিরা। শনিবার সৌদি কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর মক্কা ও মদিনা অঞ্চলে এর ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় তারা সাড়া দিয়েছে। তবে পবিত্র দুই শহর লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। ইয়েমেনের হুথি ও সৌদি-সমর্থিত সরকারের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সংঘাত নতুন করে তীব্র হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতা আরও বেড়েছে এবং তেলের বাজারেও প্রভাব পড়েছে।