রৌমারীর সড়ক দুর্ঘটনা: এসআরবির অভিযানে পলাতক ট্রাকচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩১, ২৫ অক্টোবর ২০২৬

রৌমারীর সড়ক দুর্ঘটনা: এসআরবির অভিযানে পলাতক ট্রাকচালক গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালককে পাবনা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. লুৎফর শেখ (৪৫)। গত ২৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুর এবং এসআরবি-১২-এর সিপিসি-২, পাবনার যৌথ আভিযানিক দল পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এসআরবি সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে কুড়িগ্রামের রৌমারী থানার কোমরভাঙ্গি এলাকায় বকশীগঞ্জ-রৌমারী পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রৌমারীগামী ধানবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৮১১) বেপরোয়া ও বিপজ্জনক গতিতে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশার পাঁচ যাত্রী নজরুল ইসলাম (৫০), শরিফা খাতুন (৫০), লিপি আক্তার (৪৫), শিশু রিশাদ (১০) ও তুবা আক্তার (৮) নিহত হন। দুর্ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামের আরও এক যাত্রী গুরুতর আহত হন। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক কৌশলে পালিয়ে আত্মগোপন করেন। এ ঘটনায় কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মণ্ডলপাড়া এলাকার সুরমান আলী (৬৫) বাদী হয়ে মামলা করেন। ১৮ অক্টোবর রৌমারী থানায় দায়ের করা মামলাটির নম্বর ২৩। মামলায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় এসআরবি-১২, সিপিসি-২, পাবনার সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন