মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ: ১৫:৫৬, ২৪ অক্টোবর ২০২৬
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জসিম উদ্দিন (৩৭), আলম (৪০), মো. কাশেম (৩৫) ও মো. মোস্তাক হোসেন ওরফে রানা (২৫)। তাদের মধ্যে জসিম উদ্দিনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানা পুলিশ জানায়, গত রাত ১২টা ৪৫ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ‘তদন্তাধীন বিভিন্ন মামলায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোনো মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় আইনি প্রক্রিয়ার কারণে তাদের আদালতে পাঠানো হচ্ছে।’
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।