শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ২৩:৩৩, ২৩ অক্টোবর ২০২৬
ইতালির সিসিলি অঞ্চলে পরপর অন্তত ১২টি ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে এসব কম্পন অনুভূত হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পালের্মো ও মেসিনা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জারি করা হয় ‘অরেঞ্জ অ্যালার্ট’ ও সুনামি সতর্কতা। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং সরকারি দপ্তরের কর্মীরা ভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
ভূমিকম্পের পর সিসিলির পশ্চিম উপকূলের ত্রাপানি শহরের একটি আদালত ভবন খালি করা হয়। এ ছাড়া সিসিলি ও ইতালির মূল ভূখণ্ডের মধ্যবর্তী দ্বীপ লিপারিতেও শিক্ষার্থী ও পৌরসভার কর্মীদের বিভিন্ন ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ভূমিকম্পগুলোর বেশির ভাগের উৎপত্তিস্থল ছিল সিসিলির রাজধানী পালের্মো এবং এর উত্তর উপকূলের আশপাশে। পালের্মো থেকে এসব স্থানের দূরত্ব ছিল ৬০ মাইলের কম। এ ছাড়া পাত্তি, লিকাটা, কাপো দ’ওরলান্দো ও কাম্পোফেলিচে দি রোচেল্লার বাসিন্দারাও ভূকম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে সিসিলির উত্তরাঞ্চলে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পের ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পালের্মোর মেয়র রবার্তো লাগাল্লা জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তিনি বলেন, এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।