আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:০০, ২৩ অক্টোবর ২০২৬
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টাইফুন চাম্পির প্রভাবে শুক্রবারের জন্য নির্ধারিত তাইওয়ানের সব ২৬২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ৬৬০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
শক্তিশালী ঝড়ের আগাম সতর্কতা হিসেবে রেল ও ফেরি চলাচলও স্থগিত করা হয়েছে। পাশাপাশি কয়েকটি মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্যানুযায়ী, একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া এবং চলতি বছর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট অন্যতম শক্তিশালী ঝড় চাম্পির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৯১ কিলোমিটার (১১৯ মাইল) ছিল।
আবহাওয়া প্রশাসন জানায়, ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের পাশ দিয়ে এগিয়ে চীনের উপকূলের দিকে উত্তরমুখী হবে। পরে দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে।
ঝড়ের প্রভাবে তাইওয়ানে একজন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, পাহাড়ি এলাকা থেকে প্রায় এক হাজার ৩০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
সিডব্লিউএর পূর্বাভাসক লিউ পেই-তেং রয়টার্সকে বলেন, তাইওয়ানের কাছে এসে ঝড়টি যদি স্থির হয়ে পড়ে, বৃত্তাকারে ঘোরে কিংবা এদিক-সেদিক দুলতে থাকে, তাহলে সরাসরি আঘাত হানার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।