নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৩, ২৩ অক্টোবর ২০২৬
বিরোধী দলের আন্দোলনের হুমকিতে বিএনপি ভয় পাবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, আন্দোলন-সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়েই বিএনপি রাজপথ থেকে উঠে এসেছে। তাই হুমকি দিয়ে দলটিকে দমিয়ে রাখা সম্ভব নয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়ায় তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত ‘সেলাইতে স্বাবলম্বী নারী’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫০ জন নারীর হাতে সেলাইমেশিন তুলে দেন মন্ত্রী।
আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে মোট ৫০০ নারীকে এ কর্মসূচির আওতায় সেলাইমেশিন দেওয়া হবে। এর মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তাঁরা।
জামায়াত-শিবিরের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে এ্যানি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে জামায়াত ১৭২ দিন হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছিল। এ ছাড়া ৫ আগস্টের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির গুপ্ত পরিচয়ে কার্যক্রম পরিচালনা করত বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোও বিরোধী দলের দায়িত্ব। রোডমার্চ ও লংমার্চের মতো কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ নানা ধরনের কষ্টের মধ্য দিয়ে গেছে উল্লেখ করে এ্যানি বলেন, বহু ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত বর্তমান পরিস্থিতিতে দেশকে আবার অস্থিরতার দিকে ঠেলে দেওয়া কাম্য নয়। ধর্মের অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার বিরুদ্ধেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, মাদকসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের সম্মান ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নারীদের আত্মনির্ভরশীলতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সেলাইমেশিন বিতরণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের আশা, এই সহায়তা কাজে লাগিয়ে উপকারভোগী নারীরা নিজেরা আয় করার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।