অপকর্মে জড়িতদের বিএনপিতে স্থান নেই: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৩৮, ২২ অক্টোবর ২০২৬

অপকর্মে জড়িতদের বিএনপিতে স্থান নেই: পানিসম্পদমন্ত্রী

মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও অন্যান্য অপকর্মে জড়িত কোনো নেতার বিএনপিতে জায়গা হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, লক্ষ্মীপুরে যুবদলের নেতৃত্বে সৎ ও ভালো মানুষকে দায়িত্ব দেওয়া হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা লোহালক্কড় নিয়ে প্রভাব বিস্তারের রাজনীতি বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, কোনো নেতা মাদক, নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড কিংবা অন্য কোনো অপকর্মে জড়িয়ে পড়লে বিএনপিতে তাঁর স্থান থাকবে না। তারেক রহমানের নেতৃত্বে দলীয় রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

যুবদলের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনে ভালো মানুষকে দায়িত্ব দেওয়া হবে। কেউ যুবদলের পরিচয় ব্যবহার করে অস্ত্র বা লোহার সরঞ্জাম নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। লক্ষ্মীপুরে এ ধরনের রাজনীতি চলতে দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, কেউ যদি অপকর্মে জড়ায় কিংবা আগের আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলে অনৈতিকভাবে অর্থ উপার্জন ও অনিয়মে জড়িয়ে পড়ে, তাহলে বিএনপির রাজনীতিতে তার কোনো ছাড় থাকবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতারা।

আরও পড়ুন