শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ২১:১৭, ২২ অক্টোবর ২০২৬
বিএনপি নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি প্রতিশ্রুতি থেকে সরে আসে না এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। তাঁর দাবি, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে বলে অর্থনীতিবিদেরা জানিয়েছেন।
দুর্গাপূজা উদযাপন নিয়ে যা বললেন রিজভী
এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন রিজভী। তাঁর মতে, সরকারের সতর্কতা ও আন্তরিকতার কারণে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরেছেন। প্রতিবেশী দেশ থেকে আসা দর্শনার্থীরাও পূজার পরিবেশের প্রশংসা করেছেন বলে তিনি জানান।
রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপের কমিটির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীরাও কাজ করেছেন।
তিনি অভিযোগ করেন, অতীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এবারও আওয়ামী লীগ ও একটি গুপ্ত রাজনৈতিক দল অপপ্রচারে জড়িত বলে দাবি করেন তিনি। বিভিন্ন ঘটনায় তাদের বক্তব্য ও আচরণে মিল রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রিজভীর ভাষ্য, জনবান্ধব ও দায়িত্বশীল সরকার ষড়যন্ত্র মোকাবিলা করে জনকল্যাণে কাজ করতে পারে। এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়াকে তিনি এর উদাহরণ হিসেবে তুলে ধরেন।
ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ অব্যাহত থাকবে
ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক কর্মসূচি সম্পর্কে রিজভী বলেন, দুর্গাপূজার কারণে গত কয়েক দিন লিফলেট বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে আবারও এ কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকা এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সচেতনতামূলক প্রচার চালানো হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।