নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২২, ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন ছিল। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নির্বাচনী ব্যবস্থায় ব্যাপক সংস্কার জরুরি।
তিনি বলেন, অনেকের আর্থিক সামর্থ্য সীমিত হলেও সমাজে তাঁদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। এসব ব্যক্তিরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, গত ১৭ বছরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা নিয়ে স্পিকার বলেন, জেলাটিতে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাসসম্পদের তুলনায় ভোলায় আরও গ্যাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের গ্যাসের চাহিদা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তাঁরা এ সুবিধার দাবি জানিয়ে আসছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভোলার মানুষের জন্য গ্যাস নিশ্চিত করা তাঁদের ন্যায্য দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান।