ম্যারাডোনার মৃত্যুর মামলা, রায় ২২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০০:০০, ২৪ অক্টোবর ২০২৬

ম্যারাডোনার মৃত্যুর মামলা, রায় ২২ ডিসেম্বর

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে করা মামলার রায় আগামী ২২ ডিসেম্বর ঘোষণা করা হবে। ছয় মাসের বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার এ তারিখ নির্ধারণ করেন আদালত।

ম্যারাডোনার মৃত্যুর জন্য চিকিৎসায় অবহেলার অভিযোগে সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এ বিচার চলছে। বৃহস্পতিবার তাঁর মেয়ে ও কয়েকজন আসামির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শুনানি শেষ হয়।

আদালতে আবেগাপ্লুত কণ্ঠে ম্যারাডোনার মেয়ে ডালমা ম্যারাডোনা বলেন, “আমি আশা করি, আমার বাবা অন্য সবার মতোই তাঁর প্রাপ্য ন্যায়বিচার পাবেন।”

মামলার প্রধান আসামি ও ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালতে তিনি বলেন, “আমি নির্দোষ।”

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া ও ফুসফুসে পানি জমার কারণে তাঁর মৃত্যু হয়। মস্তিষ্কের একটি সমস্যার অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার জন্য বুয়েনস এইরেসের উত্তরে তিগ্রের একটি ভাড়া বাসায় ছিলেন তিনি। সেখানকার বিছানায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

কোভিড-১৯ মহামারির মধ্যে তাঁর মৃত্যুতে আর্জেন্টিনাজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল।

গত এপ্রিলে শুরু হওয়া বিচার চলাকালে ৭০ জনের বেশি সাক্ষীর বক্তব্য নেওয়া হয়েছে। মামলার সাত আসামির মধ্যে ছয়জনের জন্য চার থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড চেয়েছেন কৌঁসুলিরা। প্রধান আসামি লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডের আবেদন করা হয়েছে।

চিকিৎসায় অবহেলার অভিযোগ

ম্যারাডোনাকে হাসপাতালে না রেখে বাসায় চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার সিদ্ধান্তে অবহেলা ছিল কি না, তা মামলার অন্যতম প্রধান বিষয়।

কৌঁসুলিদের অভিযোগ, বাসায় হাসপাতালের শয্যা, ডিফিব্রিলেটর এবং দ্রুত পৌঁছাতে সক্ষম অ্যাম্বুলেন্সের মতো জরুরি চিকিৎসাসুবিধা ছিল না। তাঁদের মতে, এসব ঘাটতি আসামিদের দায়িত্বে অবহেলার প্রমাণ।

বেশ কয়েকজন চিকিৎসাবিশেষজ্ঞ আদালতে সাক্ষ্য দিয়ে জানান, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে গুরুতর কিছু উপসর্গ দেখা দিয়েছিল। তাঁর শরীরে পানি জমেছিল, হৃদ্‌স্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে গিয়েছিল এবং শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। কিন্তু তাঁর দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা এসব লক্ষণের যথাযথ গুরুত্ব দেননি বলে অভিযোগ উঠেছে।

‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ চিকিৎসকের

বুধবার সমাপনী যুক্তিতর্কে লুকের আইনজীবীরা কৌঁসুলিদের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাঁদের দাবি, ম্যারাডোনার মৃত্যু আগে থেকেই অনুমান করা সম্ভব ছিল—এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। আইনজীবীদের অভিযোগ, এ মামলায় লুকেকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে।

বিচার চলাকালে লুকে একাধিকবার নিজের পক্ষে বক্তব্য দিয়েছেন। তাঁর আইনজীবীরা প্রমাণ হিসেবে অডিও রেকর্ডিং, বৈজ্ঞানিক নিবন্ধ এবং ম্যারাডোনার ময়নাতদন্তের একটি ভিডিও উপস্থাপন করেন। এসব উপস্থাপনায় ম্যারাডোনার মেয়েরা ক্ষোভ প্রকাশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালতে লুকে বলেন, “আমাকে আক্রমণ করা সহজ, কারণ ম্যারাডোনার সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ ছিল আমার।”

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “আমি তাঁর গভীরভাবে যত্ন নিতাম, তাঁকে ভালোবাসতাম। তিনি ছিলেন আমার আদর্শ ও বন্ধু।”

আগামী ২২ ডিসেম্বর রায় ঘোষণার মধ্য দিয়ে ম্যারাডোনার চিকিৎসা ও পরিচর্যার দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে চলমান এই মামলার গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত জানা যাবে।

আরও পড়ুন