ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১৩, ২২ অক্টোবর ২০২৬

ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশের মেয়েরা

বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ভারতের কাছে ১২ গোলের ব্যবধানে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশের নারী হ্যান্ডবল দল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা নিশ্চিত করে দলটি।

গত ১৮ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নেয় নেপাল ও মালদ্বীপ। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ ও ভারত। তবে শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত শক্তিশালী ভারতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশের মেয়েরা।

শিরোপা জিততে না পারলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা ও সামর্থ্য যাচাইয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। আসন্ন দক্ষিণ এশীয় গেমস (এসএ গেমস) সামনে রেখে এই প্রতিযোগিতাকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এসএ গেমসের প্রস্তুতির জন্য প্রায় তিন মাসের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। শুরুতে ৯০ জন খেলোয়াড়কে বিবেচনায় নেওয়া হলেও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে সুযোগ পান ১৭ জন। এই টুর্নামেন্টে পাওয়া অভিজ্ঞতা আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতায় কাজে লাগিয়ে আরও ভালো ফল অর্জনের প্রত্যাশা বাংলাদেশের মেয়েদের।

আরও পড়ুন