নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:১৩, ২২ অক্টোবর ২০২৬
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা সিটির এবং দুজন ময়মনসিংহ সিটির বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৪ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) ২৫০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমাতে মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।