শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ২৩:৪৩, ২২ অক্টোবর ২০২৬
মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন তাঁর ছেলে কিম আরিস। যুক্তরাজ্যে বসবাসরত কিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের কণ্ঠ শুনতে পাওয়ার অনুভূতি তুলে ধরেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া পোস্টে কিম আরিস জানান, দীর্ঘ সময় পর মায়ের কণ্ঠ শুনে তাঁর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী নেপিডোতে গৃহবন্দি রয়েছেন সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি বন্দিজীবন কাটাচ্ছেন।
দীর্ঘ বিরতির পর কীভাবে মা ও ছেলের মধ্যে ফোনে কথা বলার সুযোগ তৈরি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
মায়ের মুক্তি এবং মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে যারা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিম আরিস। তিনি বলেন, তাঁর মা ও তাঁর পাশে থাকা প্রত্যেকের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ। সমর্থকদের অব্যাহত প্রচেষ্টা এই কথোপকথন সম্ভব করতে ভূমিকা রেখেছে বলে তিনি বিশ্বাস করেন।
তবে দীর্ঘদিন পর মায়ের সঙ্গে কথা বলতে পারলেও তাঁর বয়স ও বন্দিজীবন নিয়ে উদ্বেগ জানিয়েছেন কিম। তাঁর ভাষ্য অনুযায়ী, সু চির বয়স এখন ৮১ বছর এবং তিনি এখনো বন্দি রয়েছেন।
কিম আরিস মনে করেন, একবার ফোনে কথা বলার সুযোগ নিয়মিত পারিবারিক যোগাযোগের বিকল্প হতে পারে না। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর এই যোগাযোগ কিছুটা স্বস্তি দিলেও মায়ের মুক্তি ও নিয়মিত যোগাযোগের প্রত্যাশা রয়ে গেছে।