রাশিয়া ও ফ্রান্সে বিধ্বস্ত দুই যুদ্ধবিমান, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:১২, ২১ অক্টোবর ২০২৬

রাশিয়া ও ফ্রান্সে বিধ্বস্ত দুই যুদ্ধবিমান, নিহত ১

রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে প্রশিক্ষণ চলাকালে এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

প্রতিবেদন অনুযায়ী, প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুর্ঘটনাটি ঘটে। তবে কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার সময় পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এতে কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন এবং অপর একজন নিখোঁজ রয়েছেন। বুধবার দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ম্যুরথ-এট-মোজেল অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। এতে দুজন আরোহী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে পরিচালিত যুদ্ধবিমানটি মঙ্গলবার রাতে ন্যান্সি শহরের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার দুর্ঘটনায় পাইলট প্রাণে বাঁচলেও ফ্রান্সের দুর্ঘটনায় একজনের মৃত্যু ও আরেকজনের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন