দুর্নীতিমুক্ত দেশ গড়তে আগে রাজনীতিবিদদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৪৬, ২১ অক্টোবর ২০২৬

দুর্নীতিমুক্ত দেশ গড়তে আগে রাজনীতিবিদদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে রাজনীতিবিদ ও রাজনৈতিক নেতাদের আগে নিজেদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নিজেরা দুর্নীতিতে জড়িত থেকে অন্যকে দুর্নীতি বন্ধের কথা বললে মানুষ তা নিয়ে হাসাহাসি করবে।

বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, চাকরি দেওয়ার নাম করে কারও কাছ থেকে টাকা নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সেদিনই তার সম্পর্কের অবসান হবে। ব্যক্তিগতভাবে কাউকে সহযোগিতা করার সুযোগ থাকলে তিনি তা করবেন। তবে কোনো কাজ সম্ভব না হলে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতা রাজনীতি, সমাজ বা দেশের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেরি করা হবে না।

টিআর ও কাবিখা প্রকল্পের অর্থ ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, আগে কাগজে-কলমে কাজ দেখিয়ে বরাদ্দের টাকা তুলে নেওয়ার সুযোগ ছিল। এখন সেই সুযোগ বন্ধ করা হয়েছে। বরাদ্দের অর্থ দিয়ে নির্ধারিত কাজ সম্পন্ন করা নিশ্চিত করা হচ্ছে।

জনগণের সঙ্গে যোগাযোগের গুরুত্ব তুলে ধরে আসাদুজ্জামান বলেন, তিনি সাধারণ ভ্যানচালকের কথাও গুরুত্ব দিয়ে শোনেন। এলাকার মানুষের প্রতি নিজের দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন তিনি।

মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে। নিজের দলের কোনো নেতার ডোপ টেস্টের ফল পজিটিভ এলেও তাকে ছাড় দেওয়া হবে না।

এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে দীর্ঘ সময় কাজ করছেন। শৈলকুপার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার সব কাঁচা রাস্তা পাকা করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি স্কুল-কলেজে খেলার মাঠের সংকট দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এ প্রযুক্তির উদ্ভাবকেরাও এর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। এআইকে কীভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, তা নিয়ে সরকার কাজ করছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম রেজা ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সুভাষ চন্দ্র সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান বাবলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ কয়েকশ শিক্ষক ও স্থানীয় সাংবাদিক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন