নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৫৭, ২০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের এক অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অসামাজিক কার্যকলাপ ও মাদক উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর মতে, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ওই বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে জামায়াতের আমির অভিযোগ করেন, চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকট সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমানের অভিযোগ, এসব সমস্যা সমাধান এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ব্যস্ত রয়েছে।
পোস্টের শেষাংশে তিনি অন্যায়ের বিরুদ্ধে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানান।