ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: ০০:১২, ২১ অক্টোবর ২০২৬
ফরিদপুরের নগরকান্দায় ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাফর সেখ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার তালমার মোড় বাজারসংলগ্ন ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জাফর সেখের সঙ্গে থাকা কালো রঙের একটি ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগটির ভেতরে বিশেষভাবে তৈরি একটি চেম্বারে কালো রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো পলিপ্যাকেট থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩৯২ গ্রাম। এ সময় তাঁর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. জাফর সেখ পাবনা জেলার বেড়া থানার রাজনারায়ণপুর এলাকার মো. জাহিদ সেখের ছেলে।
ইয়াবা উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার মঙ্গলবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ জাফর সেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শিরিন আক্তার আরও জানান, মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে।