সদরপুরে ৮০ হাজার মিটার জাল জব্দ, ৩ জেলের কারাদণ্ড

ফরিদপুর জেলা  প্রতিনিধি 

প্রকাশ: ২৩:৪৪, ২০ অক্টোবর ২০২৬

সদরপুরে ৮০ হাজার মিটার জাল জব্দ, ৩ জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। এ সময় ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে তিন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে সদরপুর থানা পুলিশ।

অভিযান সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার করা ৫ কেজি মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযান শেষে সোমবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে তিন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—রুবেল হোসেন (পিতা: মজিবর শিকদার), চর বলাশিয়া গ্রাম, ঢেউখালী ইউনিয়ন; হিরণ কাড়াল (পিতা: দবির কাড়াল), কাড়াল কান্দি গ্রাম, চর নাসিরপুর ইউনিয়ন; এবং কুদ্দুস খলিফা (পিতা: কাশেম খলিফা), হালিম হাওলাদার কান্দি গ্রাম, চর নাসিরপুর ইউনিয়ন।

যৌথ এ অভিযানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার। অভিযানে সার্বিক সহযোগিতা করে সদরপুর থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। নিষিদ্ধ সময়ে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন