পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জাকির ফরাজী, পিরোজপুর

প্রকাশ: ২১:১৪, ২১ অক্টোবর ২০২৬

পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ৬১ বছর বয়সী এক বৃদ্ধকে মারধরের অভিযোগে করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই বৃদ্ধকে মারধরের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

মারধরের শিকার মো. ছালাম শেখ (৬১) বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে। বাড়ি ফেরার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপির কর্মীদের গালিগালাজ এবং দলটির কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ছালাম শেখকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় নোমান হোসেন মৃধাসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করা হয়েছে।

ওসি মো. শরিফুল ইসলাম বলেন, বৃদ্ধকে মারধরের ঘটনায় করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন