জ্বালানি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়া আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:০৫, ২১ অক্টোবর ২০২৬

জ্বালানি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়া আলোচনা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সার, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, এসব খাতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। দুই দেশের জনগণের কল্যাণে জ্বালানি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি এ খাতের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের জন্য জ্ঞান বিনিময় এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনেও আলজেরিয়ার সহযোগিতা কামনা করেন।

বৈঠকে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ উদ্যোগের ফলে সরকার-টু-সরকার (জিটুজি) পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ বাড়তে পারে।

এ ছাড়া বাংলাদেশের এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আলজেরিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।

আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিব বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তার সরকার আগ্রহী। দুই দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন