নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪৪, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৬, ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা যাচাই এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার কাজ চলছে। ঝুঁকি পর্যালোচনা শেষে ওয়েবসাইটটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতা জারি হয়েছে। এসব দুর্বলতা কাজে লাগিয়ে হামলাকারীরা কিছু পরিস্থিতিতে দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারে।
এ ধরনের নিরাপত্তা দুর্বলতা কাজে লাগানো হলে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হামলা চালানো হয়েছে—এমন তথ্য নিশ্চিত করা যায়নি।
পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা। সরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্মসহ বিভিন্ন অনলাইন সেবা পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়। তবে শুধু পিএইচপি ব্যবহার করার কারণে কোনো ওয়েবসাইট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে না। ব্যবহৃত সংস্করণ, নিরাপত্তা হালনাগাদ এবং সার্ভারের কনফিগারেশনের ওপর ঝুঁকির মাত্রা নির্ভর করে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে ব্যবহৃত সফটওয়্যারের সংস্করণ যাচাই, প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ এবং সার্ভারে অননুমোদিত প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রয়োজনে ঝুঁকি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংশ্লিষ্ট সেবা সাময়িকভাবে বন্ধও রাখা হতে পারে।
ওয়েবসাইটটি বন্ধ থাকায় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তথ্য ও অনলাইন সেবা ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে। তবে এটি পুনরায় চালুর বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি। নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত হওয়ার পরই ওয়েবসাইটটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।